বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার মাজারে ফুলেল শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নেতারা। বৃহস্পতিবার (৩০ মে) বেলা সাড়ে ১১টায় শেরেবাংলানগর এলাকায় জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খানসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন সমূহের নেতাকর্মীরা।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলের কর্মসূচি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, জিয়াউর রহমানের সমাধি জিয়ারতের পর দলের সিনিয়র নেতারা ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আয়োজনে রাজধানীতে অসহায় মানুষের কাছে খাবার বিতরণ করবেন। এ ছাড়া জিয়াউর রহমানের শাসনামলের উল্লেখযোগ্য কর্মকাণ্ড নিয়ে বিষয়ভিত্তিক ১১ ধরনের লিফলেট বিতরণ এবং ২৫টি জেলা, মহানগর ও শহরে বই প্রদর্শনী করা হবে।
উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে চট্টগ্রামে নির্মমভাবে নিহত হন জিয়াউর রহমান।